খুলনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিভাগীয় জাদুঘর থেকে দুইটি কৃষ্ণমূর্তি চুরি হয়েছে।
রোববার ছিল জাদুঘরে সাপ্তাহিক ছুটির দিন। সোমবার সকালে জাদুঘর খুলে দুইটি কৃষ্ণমূর্তি চুরির ঘটনা ধরা পড়ে।
পুলিশ ও জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মূর্তি দু'টির মধ্যে একটির উচ্চতা ৪৯ সেন্টিমিটার এবং অপরটি ২৮ দশমিক ৫ সেন্টিমিটার।
নগরীতে অবস্থিত এই জাদুঘরে ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
খুলনা বিভাগীয় জাদুঘরের পরিচালক শিহাবুদ্দিন মো. আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টায় জাদুঘর বন্ধ করে কর্মকর্তা ও কর্মচারীরা চলে যান। রোববার ছিল সাপ্তাহিক বন্ধের দিন। সোমবার সকাল ১০টায় জাদুঘর খুলে দেখা যায় চারটি কৃষ্ণমূর্তির মধ্যে দু'টি নেই।
তিনি জানান, প্রতিদিন ৫/৬ জন পরিচারক (অ্যাটেনডেন্ট) জাদুঘরের কক্ষটি সিলগালা করে রেখে যান। পরদিন আবারো ওই পরিচারকরাই সিলগালা খুলে জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেন।
এই চুরির সঙ্গে পরিচারকরা জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান জাদুঘরের পরিচালক।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম শওকত হোসেন সাংবাদিকদের জানান, ১৭ জন কর্মচারী এবং নয়জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করার পরও মূর্তিগুলো চুরি হয়েছে।
জাদুঘরের কর্মচারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে, বলেন তিনি।
তিনি জানান, জাদুঘরের গ্রিলের দু'টি ছোট ফ্লাটবার ভাঙা পাওয়া গেছে। তবে ওই স্থান দিয়ে কোনো চোর প্রবেশ করতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24