বরিশাল, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জে সালিশের নামে তিন সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগে আলিমাবাদ ইউপির চৌকিদার এমদাদুল হক ও হরমুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ২ অগাস্ট একই ঘটনায় আলিমাবাদ ইউপি চেয়ারম্যান কাজী আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়। রশিদ বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আপন চাচা।
মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমদাদুল ও হরমুজকে বুধবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওই গৃহবধূর অভিযোগ, ৩০ জুলাই রাতে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সালিশের নামে চেয়ারম্যান রশিদ বৈদ্যুতিক তার পেঁচানো লাঠি দিয়ে তাকে উপুর্যপরি আঘাত করতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
ঘটনার দুই দিন পর সোমবার নির্যাতিতকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২ জুলাই বরিশাল শেরে বাংলা মেডিকেল সেন্টারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) মাধ্যমে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24