সাভার, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়া থেকে ছিনতাইকারী সন্দেহে বোমা ও অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় আশুলিয়ার মির্জানগর জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন মনির হোসেন (২২), আব্দুল কাদের (৩২), মিলন চন্দ্র দাস (২৫) ও সোহাগ মাহমুদ (২১)।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি তাজা বোমা, চার রাউন্ড গুলিভর্তি যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাকু ও দুইটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক সবাই পেশাদার ছিনতাইকারী। ঈদকে সামনে রেখে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24