শেরপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা এক নারীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ঝিনুক মালা (২৫) শেরপুর সদর উপজেলার বলাইরচর গ্রামের মো. আব্দুর রশিদের স্ত্রী।
পুলিশ জানায়, দুই পক্ষে আপোষ-মীমাংসার মাধ্যমে বুধবার বিকালে নিহতের বাবার বাড়ি চক সাহাব্দী গ্রামে মালার লাশ দাফনের চেষ্টা চলছিলো। তখন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দুই বছর আগে বলাইরচর গ্রামের আব্দুল গফুরের ছেলে রশিদের সঙ্গে মালার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলো।
সোমবার সন্ধ্যায় রশিদ তাকে মারপিট করে। এক পর্যায়ে মালার বাম কানের ওপর থাপ্পড় মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
প্রথমে মালাকে জামালপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত দেবনাথ জানান, নিহতের বাম কানের ওপরে ও ডান হাটুর নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১০১১ ঘ.
bdnews24