ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে ছাত্র নিহতের ঘটনায় পুলিশের পর এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটির চেয়ারম্যানকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজউকের অধীন এলাকায় নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তার ব্যাপারে রাজউকের ভূমিকা কী, অথবা এ বিষয়ে রাজউকের কোনো নির্দেশনা আছে কি না, চেয়ারম্যানকে তা জানাতে হবে।
আগামী ২ অগাস্ট রাউজক চেয়ারম্যান এম নুরুল হুদা ছাড়াও পুলিশের তিন কর্মকর্তা ও সাগুফতা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিক মোল্লাকে হাজির হতে বলেছে আদালত।
পুলিশ কর্মকর্তারা হলেন- পল্লবী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী ও অজিত রায়, পল্লবী থানার ওসি শাহাবুদ্দীন খলিফা এবং শেরে বাংলা থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান। এছাড়া ওই ভবন নির্মাণের সহকারী ঠিকাদার (নিরাপত্তা) সাজ্জাদ হোসেনকেও আদালতে যেতে হবে।
আদালতের আগের নির্দেশ অনুযায়ী জুয়েল মোল্লা ও ওয়ালিক মোল্লার বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
আগের আদেশ অনুযায়ী খালেদ ও ওয়ালিকের বৃহস্পতিবার আদালতে হাজিরার দিন ঠিক থাকলেও তাদের অসুস্থতার কথা আদালতে জানান দুজনের আইনজীবী আনিসুল হক। তখন আদালত হাজিরার দিন পিছিয়ে ২ অগাস্ট ঠিক করে।
শুনানিতে ভবন নির্মাণে নিযুক্ত সহকারী ঠিকাদার মো. ওসমান আলীর আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, নির্মাণাধীন ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে ওসমান ছিলেন না, ছিলেন সাজ্জাদ হোসেন। এরপর আদালত সাজ্জাদকে হাজির হওয়ার নির্দেশ দেয়।
আদালত নির্দেশের পরও জুয়েল ও ওয়ালিককে গ্রেপ্তার না করার বিষয়ে পল্লবী থানার ওসি শাহাবুদ্দীন খলিফাকে প্রশ্ন করলে তিনি আদালতকে জানান, এ জন্য থানার দুই এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে, তবে তারা কেন গ্রেপ্তার হয়নি তা জানেন না তিনি। তখন আদালত গ্রেপ্তারের নির্দেশ তামিলের বিষয়ে দুই এসআইকেও হাজির হওয়ার নির্দেশ দেয়।
আদালত ওসি খলিফার কাছে জানতে চান, গ্রেপ্তার না করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো চাপ বা কেউ কোনো ধরনের উৎকোচ দিয়েছে কিনা।
আদালত বলে, "আমরা জানতে পেরেছি সাগুফতা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালকের নিকটাত্মীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো চাপ এসেছে কি না। "
এর উত্তরে পুলিশ কর্মকর্তা খলিফা জানান, তাদের কোনো ধরনের চাপ দেওয়া হয়নি।
সাগুফতা গ্র"পের প্রকল্প সাগুফতা ডি খান নামে ওই ভবন থেকে ইট পড়ে গত ১৬ জুলাই মারা যান তেজগাঁও কলেজের ছাত্র হাবিবুর রহমান মুন্না (১৮)। ঘটনাটি নজরে এলে হাইকোর্ট সাগুফতার শীর্ষ কর্মকর্তাদের তলব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/আরএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24