২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজানুর হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নাটোর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালে বদলি করা হয়েছে। মঙ্গলবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ দিলীপ কুমার দেবনাথ এই আদেশ দেন। বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রশিদ গত বছরের ১২ অক্টোবর বখাটের মোটরসাইকেল চাপায় আহত হন। এর ১০দিন পর তার মৃত্যু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই ও বাদীপক্ষের নিজস্ব আইনজীবী সোহেল রানা জানান, মিজানুর রশিদ হত্যা মামলাটি দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতে উঠলে আসামি মামুনুর রশিদ ওরফে আসিফ ও আব্দুল আওয়াল ওরফে রাজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌসুলি মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালে বদলির আবেদন করেন। এ সময় তিনি এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি চিঠির প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। ওই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের মনিটরিং সেল মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইবুন্যালে পাঠানোর সিদ্ধান্তে কথা উল্লেখ রয়েছে। শুনানি শেষে বিচারক মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালে বদলির আদেশ দেন। আইনজীবীরা আরো জানান, আগামী ৮ অগাস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। ওই দিন থেকে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। গত ১৯ জুলাই আদালত মামলার দুই আসামির বিরুদ্ধে ইভ টিজিং ও হত্যার অভিযোগ করে। লোকমানপুর কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতে বারণ করায় আসামিরা গত বছরের ১২ অক্টোবর মিজানুর রশিদকে মোটরসাইকেল চাপায় ও রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এর ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মিজানুরের মৃত্যু হয়। এ ব্যাপারে তার ভাই মামুনুর রশিদ বাদী হয়ে আসিফ ও রাজনের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.