ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে এবার বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিন হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে টুকুকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাজাহান জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজত (রিমান্ড) চেয়ে আদালতে আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এক দিনের হেফাজত মঞ্জুর করেন। এ সময় তার পক্ষে আইনজীবীরা জামিন চাইলে তা নাকচ হয়।
টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও খোরশেদ আলম আবেদনে বলেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে টুকুকে দফায় দফায় যৌক্তিক কারণ ছাড়া হেফাজতে নিয়ে নির্যাতন করা হচ্ছে।
গত ১২ জুন বিএনপি ও জামায়াতে ইসলামির ডাকা হরতালের সময় পল্টন এলাকায় বিকাল পৌনে ৪টার দিকে ল্যাব প্যাথলজির গলিতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের মামলায় মঙ্গলবারই (১৯ জুলাই) টুকুকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে মগবাজারে গাড়িতে আগুন দিয়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় টুকুকে তিন দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে বোমা হামলার মামলায় দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের একদিন আগে গত ৫ জুলাই ভোরে টুকুকে গ্রেপ্তার করে পুলিশ।
টুকুর ভাই জোট সরকার আমলের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২১ অগাস্ট মামলার আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৮০৫ ঘ.
bdnews24