২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগে নতুন নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ শেষ

ছাত্রলীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন নতুন নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টার দিকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ভোট গ্রহণ শুরু হয় দুপুর ২টার দিকে। রাত সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। অধিবেশনের শুরুতে বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আওলাদ হোসেন তিতু। পরে তার নির্দেশ অনুযায়ী প্রার্থীরা তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেন। আওলাদ হোসেন তিতুর ঘোষণা অনুযায়ী সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন- এইচ এম বদিউজ্জামান সোহাগ, মনোয়ার ইসলাম মাসুদ, সাইদ মজুমদার, প্রণব কুমার দাস বাবলু, কামরুল ইসলাম, মেসবাহ উদ্দিন ও মাসুদুল হক। সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বীরা হলেন- শামসুল কবির রাহাত, সিদ্দিকী নাজমুল আলম, নবীরুজ্জামান বাবু, দেলোয়ার হোসেন ভূঁইয়া, নিপু, অনাদি, রবিন, মিজান, মঙ্গল কুমার, মুকতাদির, রাশেদুল ইসলাম, রাসেল, শেখ আসমান, মোস্তাফিজুর রহমান, মিথুন ঢালী ও রুবেল। নির্বাচন কমিশনার মিজানুর রহমান শাহীন গত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সভাপতি পদে ৬৪জন এবং সাধারণ সম্পাদক পদে ১৬৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্মেলনে মোট কাউন্সিলর সংখ্যা ২ হাজার ৩৩৫ জন। ৮৭টি সাংগঠনিক জেলার ২৫ জন করে আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ১৬০ জন। সকাল ১২টার দিকে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আওলাত হোসেন তিতু। ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন দেখাশোনা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর। আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাওয়ার পর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগই প্রথম সম্মেলন করছে। দুদিনব্যাপী সম্মেলন শুরু হয় রোববার। ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের আগের সম্মেলনে মাহমুদ হাসান রিপনকে সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি' এ তিন মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু ছাত্রলীগের। স্বাধীনতার আগে ছাত্র আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলো সংগঠনটি। স্বাধীনতার পর '৯০ এর দশক পর্যন্ত এ ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এরপর ধীরে ধীরে তা ম্রিয়মান হয়ে পড়ে। বিভিন্ন ধরনের অপরাধে ছাত্রলীগ নেতা-কর্মীদের জড়িয়ে পড়া নাজুক হয়ে পড়ে সংগঠনের ভাবমূর্তি। এমনকি এ সরকারের শুরুতে তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পর্যন্ত বলেছেন, ছাত্রলীগের অপকর্মের দায় আওয়ামী লীগ নেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/পিডি/২০৪০ ঘ.