লালমনিরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে শনিবার বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসকদের দু'টি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
তিস্তা ব্যারেজের একটি রেস্ট হাউজে সকাল ১১টায় শুরু হয়ে মাঝখানে একবার বিরতি দিয়ে এ বৈঠক চলে বিকাল ৪টা পর্যন্ত।
এতে দু'দেশের ছিটমহলে যৌথ জনসংখ্যা গণনা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি, সীমান্তে নিরীহ মানুষ হত্যা, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের আইনশৃঙ্খলা, চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রংপুর বিভাগের চার জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলা প্রশাসকদের নেতৃত্ব দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোকলেছার রহমান সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা প্রশাসক (ডিএম) স্মারকী মহাপাত্রের নেত্বত্বে অংশ নেন সে দেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
সকালে ভারতীয় প্রতিনিধি দল বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ বাংলাদেশে প্রবেশ করে।
বৈঠক শেষে লালমনিরহাটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বৈঠকে 'বাংলাদেশ-ভারতের ছিটমহলসমূহে জনসংখ্যা গণনা কার্যক্রম পরিচালনার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এ ব্যাপারে কুচবিহার জেলা প্রশাসক স্মারকী মহাপাত্র উচ্চ পর্যায়ের নির্দেশ না থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24