শেরপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে পাশবিক নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া স্কুল ছাত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে আদালত।
শনিবার শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ ইকবাল বাহার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় এই জবানবন্দি নেন।
বিকালে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবর্দী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুর আলী মেয়েটিকে আদালতে হাজির করেন।
এদিকে এ ধর্ষণ ঘটনায় সহায়তা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তিনজন ও শনিবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- নালিতাবাড়ি উপজেলার নন্নী বাজারের মো. বাবুল হোসেন (৫৩), তার ছেলে রকিবুল হাসান রনি (২৫) ও বাইগার পাড়া গ্রামের ময়েজ উদ্দিন (২৫)।
এছাড়া শনিবার গ্রেপ্তার করা হয়- অটোরিকশা চালক মোসলেম উদ্দিনকে (৩৫)। তার অটোরিকশায় করে মেয়েটিকে বাড়ির সামনে এনে রেখে গিয়েছিল দুর্বৃত্তরা।
বিকালে আদালতে সোপর্দ করা হলে রোববার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো সাত।
এর আগে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত ধর্ষণকারী মাদ্রাসা ছাত্র শাহজামালের মা সরুফা খাতুন (৪৫), দুই মামা আয়নাল হক (৩৮) ও আনোয়ার হোসেন ওরফে সৈয়দ আলী (৪০)।
গত ২০ জুন শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঘুনাপাড়া গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে তিনি আটকে রেখে ধর্ষণ করে দুর্বত্তরা। ২৩ জুন তাকে মাথা ন্যাড়া করে বাড়ির সমানে এনে রেখে যায় তারা।
ওই ঘটনায় ধর্ষিতার বাবা ২৫ জুন অভিযুক্ত ধর্ষক, তার দুই মামা ও বাবা-মাসহ ছয়জনকে আসামি করে শ্রীবর্দী থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৯ ঘ.
bdnews24