নয়া দিল্লি, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, যে কোনো সময় বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তন ঘটতে পারে।
বুধবার নয়া দিল্লিতে ভারতের পাঁচটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন মনমোহন।
প্রস্তাবিত ঢাকা সফরের আগে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে-ইসলামির সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআই'র পরামর্শে কাজ করে।
"তাই যে কোনো সময় বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তন হতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো কী কী তা আমাদের জানা নেই। তাদের ওপর কাদের নিয়ন্ত্রণ আছে তাও আমাদের জানা নেই।"
সম্পাদকদের সঙ্গে মনমোহনের প্রশ্ন-উত্তর সম্বলিত পুরো আলোচনা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা ভারত স্বীকার করলেও মনমোহনের এই মন্তব্যে বাহ্যত আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকারের ঝুকির বিষয়ে নয়া দিল্লির উদ্বেগই প্রতিফলিত হয়েছে।
ভারতের বেশ কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ সফরের আগে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৬ জুলাই তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ভারতীয় পানি সম্পদ মন্ত্রী সালমান খুরশিদ শিগগিরই ঢাকা সফরে আসছেন। ওই বৈঠকে তিস্তার পানি বণ্টন নিয়ে দু'দেশের মধ্যে একটি অন্তর্র্বতী চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের এক বিশেষ সম্মেলনে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীরও আগামী ২৫ জুলাই ঢাকা আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে এই সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছেন সোনিয়া।
আগামী কয়েক মাসের মধ্যে এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। একজন সিনিয়র সম্পাদক ভারতের প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে মনমোহনের মন্তব্য জানতে চাইলে প্রধানমন্ত্রী একথা বলেন।
ভারতীয় প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা স্বীকার করে ওই সম্পাদকের প্রশ্নের জবাব দেওয়া শুরু করেন।
মনমোহন বলেন, "প্রতিবেশী দেশ নিয়ে আমি বেশ উদ্বিগ্ন।"
তিনি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে গ্রেপ্তার করে ২০০৯ ও ২০১০ সালে তাদেরকে নয়া দিল্লির কাছে হস্তান্তরের জন্য আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেন।
মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কর্মকাণ্ড পরিচালনাকারী ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী গ্র"পগুলোকে দমনে বাংলাদেশ সরকার আমাদের সাহায্য করেছে। আর এ কারণেই বাংলাদেশের ব্যাপারে আমরা উদার।"
গ্রেপ্তার হওয়া বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের প্রধান রঞ্জন দাইমারি রয়েছেন।
যদিও এসব বিচ্ছিন্নতাবাদী গ্র"পের নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশি সংস্থাগুলোর ভূমিকার বিষয়টি দিল্লি বা ঢাকা কেউই স্বীকার করে না।
মনমোহন বলেন, "ভারত ধনী দেশ নয়। তারপরও শেখ হাসিনার দিল্লি সফরের সময় আমরা বাংলাদেশকে একশ' কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছি। আরো কিছু একতরফা ছাড়ের উপায় নিয়েও আমরা চিন্তা করছি। "
তার প্রস্তাবিত বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মনমোহন বলেন, ঢাকা ও নয়া দিল্লি তিস্তার পানি বণ্টন নিয়ে একটি বাস্তবানুগ সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।
"আমি নিজেও সেখানে যাওয়ার পরিকল্পনা করছি", যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/এএইচ/পিডি/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24