ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে তার বাবাকে জানিয়েছেন ভারতের চিকিৎসকরা।
রুমানার বাবা মনজুর হোসেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ভারতের চেন্নাইয়ে শঙ্করা নেত্রালয় ও পন্ডিচেরীতে অরবিন্দ আই সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, রুমানার দুটি চোখই নষ্ট (টোটালি ড্যামেজ) হয়ে গেছে।
"তার কপাল-ঠোঁট-মুখের ক্ষতের চিকিৎসা ল্যাবএইড হসপিটালে চলবে।"
চোখের ক্ষত থেকে ইনফেকশন এড়াতে চোখের চিকিৎসাও চলবে বলে জানান মনজুর হোসেন।
মেয়ের ওপর নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন মনজুর হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রুমানা গত ৫ জুন স্বামী হাসান সাইদের নির্যাতনে চোখ ও নাকে মারত্মক জখম হন। তাকে ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। জখমে বাম চোখ নষ্ট হয়ে যাওয়া বিষয়ে চিকিৎসকদের বক্তব্যের পর গত ১৪ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যায় তার পরিবার।
নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার ১০ দিনের মাথায় গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে রুমানাকে দেশে ফিরিয়ে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সহকর্মী মোহাম্মদ তানজিমউদ্দিন খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাওয়া হয়।
কানাডার ভ্যাঙ্কভারে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছিলেন রুমানা। গত মে মাসে তিনি দেশে ফেরেন। অক্টোবরে তার থিসিস জমা দেওয়ার কথা রয়েছে।
'চোখের বিকল্পের সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনায়'
রুমানা মনজুরের চোখের 'বিকল্প' বিষয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, তার বাম চোখ আগেই নষ্ট গিয়েছিলো। বাকিটাও প্রায় নষ্ট। এ চোখের মাত্র ২৫ শতাংশ অক্ষিকোটরের সঙ্গে লেগে আছে। কিন্তু মস্তিষ্কের সঙ্গে সাড়া দিচ্ছে না।
ভারতে চিকিৎসকরা চোখের বিষয়ে আশা ছেড়েই দিয়েছে। দুইমাস পর নিশ্চিত করে বলা যাবে- এ কথা উল্লেখ করে ড. দেলোয়ার বলেন, "এখন চোখের বিষয়ে বিকল্প কি করা যায় তা নিয়ে রুমানার পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
রুমানার আরেক সহকর্মী তানজিমউদ্দিন বলেন, "চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় তাকে ভারতের হাসপাতাল থেকে আপাতত ফেরত পাঠানো হয়েছে। দুইমাস পর আবার তাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে।
'সম্পর্কের' অভিযোগ ও প্রতিবাদ
১৫ জুন গ্রেপ্তার হওয়ার পর হাসান সাংবাদিকদের বলেন, "ইরানি যুবকের সঙ্গে সম্পর্ক না রাখতে তাকে অনুরোধ করি। গত ৫ জুন রুমনা ফেইসবুক খুলে বাথরুমে গেলে তার ফেইসবুকের বন্ধুতালিকা থেকে ইরানি ওই যুবকটির নাম মুছে ফেলি। বাথরুম থেকে ফিরে এসে এ কারণে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।"
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রুমানার পরিচিতজনরা রোববার হাসানের এ দাবির প্রতিবাদ জানিয়েছে।
প্রথম দফায় দুদিনের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে রোববার হাসানকে আরো একদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এআরআর/এএল/পিডি/২০৪৬ ঘ.
bdnews24