২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, আহত ৭

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সাথে চোরাকারবারীদের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

বগুড়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সাথে চোরাকারবারীদের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিজিবির ৩ সদস্য রয়েছে। ট্রেন থেকে ভারতীয় মালামাল আটকের জের ধরে সোমবার দুপুর পৌণে ১টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি করে। সান্তাহার রেল স্টেশনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের জওয়ানরা পাঁচবিবি রেল স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠে তল্লাশি চালাতে থাকে। সৈয়দপুর থেকে খুলনাগামী ট্রেনটি এ অবস্থায় সান্তাহার রেল স্টেশনে চলে আসে। বিজিবি চলন্ত ট্রেনে আটক ভারতীয় শাড়ি, থানকাপড়, প্রসাধনী, ফেনসিডিল সান্তাহার স্টেশনে বেলা পৌণে ১টার দিকে নামায়। বিজিবি আটক মালামাল নিয়ে যাওয়ার সময় চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায় এবং ইটপাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিপেটা ও গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা পিছু হটে। খবর পেয়ে নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফজলুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সান্তাহার স্টেশনে ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আটক মালামাল নওগাঁ বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষে জুলি নামের এক চোরাকারবারীসহ ৪ জন আহত হয়। এব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তার থানা এলাকায় ঘটলেও বিজিবি বিষয়টি থানাকে অবহিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম জানান, নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন, প্রায় ৭ লাখ টাকার মালামাল আটক করা হয়েছে। বিজিবির আহত ৩ সদস্য হলেন, নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, হাবিলদার মোস্তফা কুদরতি-খোদা ও সিগন্যালম্যান জামাল হোসেন। বিজিবি এক রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৯ ঘ.