২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ইউপি নির্বাচনে প্রচারণাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 07:36 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কক্সবাজার, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে প্রচারণাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ রাউন্ড গুলিবর্ষণ হয় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকায় এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে স্থানীয়রা দাবি করছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে। এই দুই প্রতিদ্বন্দ্বী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত গিয়াস উদ্দিন চৌধুরী এবং বিএনপি সমর্থিত আজিজুল হক চৌধুরী। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, সালাহউদ্দিন আহমদকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি সঠিক নয়। নির্বাচনী প্রচারণায় থাকা দু'টি পক্ষ একই গলিতে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল থেকে ওই সংঘর্ষ গুলিবর্ষণ পর্যন্ত গড়ায়। এতে অন্তত ২০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী আবুল কালাম, আবদুর রশিদ ও মাহমুদ উল্লাহ জানান, সালাহউদ্দিন আহমদ বিকালে আজিজুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগে রাজারবিল গেলে কর্মী-সমর্থকসহ তিনি প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ও তার সমর্থকদের মুখোমুখি পড়ে যান। ওই সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে দু'পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সালাহউদ্দিন আহমদের একান্ত সহকারী ছফওয়ানুল করিম জানান, সালাহউদ্দিন আহমদ নির্বাচনী গণসংযোগের ফাঁকে রাজারবিলের ঘুনিয়া এলাকায় একটি বেড়িবাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। ওই সময় গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা গুলিবর্ষণ করে। তিনি দাবি করেন, এ সময় সালাহউদ্দিন আহমদ অবরুদ্ধ হয়ে পড়েন। এ খবর পেয়ে কয়েকশ' বিএনপি নেতা-কর্মী চকরিয়ার বিভিন্ন এলাকা ও পেকুয়া উপজেলা থেকে ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে গিয়াস উদ্দিন চৌধুরীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী দাবি করেন, আজিজুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা পুলিশের একটি মোটর সাইকেলসহ নির্বাচনী প্রচারণার গাড়ি ভাংচুর করেছে। গিয়াস উদ্দিন চৌধুরী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৩ ঘ.