ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ রাখা হলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রানা দাশগুপ্ত বলেন, "সংবিধানে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রাখা হলে তা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করবে। এতে ধর্মীয় বিভাজন, মৌলবাদ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা উৎসাহিত হবে।"
গণতান্ত্রিক বিকাশের স্বার্থে এ ধরনের 'আত্মঘাতী সিদ্ধান্ত' না নিয়ে বাহাত্তরের সংবিধানের আলোকে সংবিধান সংশোধনের দাবি জানান তিনি।
সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়ার পর সংবিধানে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রাখা আর সংগত নয় বলেও মন্তব্য করেন সংগঠন দুটির নেতারা।
সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের শাসনামলে ১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয় বলে ওই দিনটি 'কালো দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে ৯ জুন সারাদেশে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হবে।
এছাড়া একই দাবিতে ১০ জুন থেকে বিভগীয় শহরগুলোতে মাসব্যাপী সমাবেশ করবে সংগঠন দুটি।
অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, অ্যাডভোকেট সিরিল সিকদার ও উষাতন তালুকদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/জেকে/১৮২০ ঘ.
bdnews24