সিলেট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন এক জন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নিহত আবদুস সোবহান (৫৫) উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তার ছেলে মামুনুর রশীদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, তার চাচা গোলাম মোস্তফার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে সোমবার রাতে ভবানীগঞ্জ বাজারে তার বাবা আবদুস সোবহানের সঙ্গে চাচা গোলাম মোস্তফার ঝগড়া হয়।
"কিছুক্ষণ পরই চাচা ও তার ছেলেরা অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বাবাকে বাঁচাতে গিয়ে আমিও আহত হই।"
তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার বাবা মারা যান।
কানাইঘাট থানার ওসি শফিকুর রহমান খান সাংবাদিকদের জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৫ ঘ.
bdnews24