চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভূমিকম্প শিক্ষা ও গবেষণায় সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে এক বৈঠকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিজ্ঞান গবেষক ড. উন ইয়ং সহযোগিতার এ আশ্বাস দেন।
চুয়েটের ভূমিকম্প প্রকৌশল গবেষণা কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চুয়েটের ভূমিকম্প প্রকৌশল গবেষণা কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের কাজ শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চুয়েট'র জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।
তিনি বলেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় চুয়েটকে ভুমিকম্প বিষয়ক কারিগরি এবং গবেষণায় সহযোগিতা করবে।
ওই বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর দু'জন গবেষক চুয়েট শিক্ষার্থীদের শিক্ষা দেবেন। এছাড়া নতুন যন্ত্রপাতি নিয়ে আসবেন তারা।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্টাফ সিসমোলজিস্ট ড. গোলাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক ড. সাইয়েদ হুমায়ুন আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সিনিয়র রিসার্চ এসোসিয়েট ধীমান রঞ্জন মণ্ডল, চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক বিপুল চন্দ্র মণ্ডল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২২৫৩ ঘ.
bdnews24