রংপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে শঠিবাড়ি মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছে দুজন। হতাহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়ক পুলিশের বড়দরগা ফাঁড়ির উপপরিদর্শক দারুল হুদা সাংবাদিকদের জানান, রংপুর থেকে বগুড়াগামী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাঠবোঝাই অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই চালক ও এক হেলপার।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ তিনটি বড়দরগা ফাঁড়িতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৫ ঘ.
bdnews24