গাইবান্ধা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার দুপুরে উপজেলার মহিমাগঞ্জের কুনতাইড় ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাজু মিয়া (৪৫)। তার বাড়ি একই গ্রামে।
এ ঘটনায় পুলিশ ওসমান আলী ফকির (৫০) নামে এক জনকে গ্রেপ্তার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মহিমাগঞ্জ থেকে সাজু মিয়া বাড়ি ফিরছিলেন। পথে ফকির পাড়া গ্রামে ওসমান আলী ও তার লোকজন সাজুকে মারপিট ও ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, ৩২ শতক জমি নিয়ে সাজু ও ওসমানের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫১ ঘ.
bdnews24