নোয়াখালী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে নোয়াখালীর হাতিয়ায় মিছিল-সমাবেশের ওপর আরোপিত বিধি-নিষেধ তিন দিন পর প্রত্যাহার করা হয়েছে।
হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুণ-অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার থেকে ১৪৪ ধারা আর কার্যকর থাকবে না। তবে পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজরদারি থাকবে।
সরকারি দলের বিবদমান দুই পক্ষের সংঘাতের পর গত রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। ওই ঘটনার জের ধরে পরদিন স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বাড়িতে হামলার পর ১৪৪ ধারা অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়।
১৪৪ ধারা প্রত্যাহারের পর উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। স্থানীয়রা জানায়, রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে। সকাল থেকে হাট বাজার ও অফিস আদালতে লোকজনের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
বুধবার রাত ১২টার পর থেকে হাতিয়ায় ১৪৪ ধারা নেই জানিয়ে নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফম নিজাম উদ্দিন বলেন, "আশা করছি অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। তবে আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও ওয়ালিউল্লাহর সমর্থকদের মধ্যে রোববার সংঘাত বাঁধে। এতে আহত হয় অন্তত ১৬ জন।
এক সময়ের বিএনপি নেতা আজিম ওয়ালিউল্লাকে সমর্থক দিচ্ছেন- এ অভিযোগ তোলেন মোহাম্মদ আলী। পরদিন আজিমের বাড়িতে হামলা চালায় আলীর সমর্থকরা।
এ সব ঘটনায় আজিমের সমর্থক রাশেদ উদ্দিন ও আলীর সমর্থক পৌর মেয়র একেএম ইউসুফ আলীর দায়ের করা পৃথক দুটি মামলায় দুই শতাধিক লোককে আসামি করা হয়।
পুলিশ কর্মকর্তা নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- কলা চন্দ্র কাহা, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ বেচু, আফসার হোসেন ও রাশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.
bdnews24