ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো চান্দ্র রোবট তৈরি করেছে। 'ব্র্যাকইউ চন্দ্রোবট' নামের এই রোবট যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র বার্ষিক লুনাবটিকস মাইনিং প্রতিযোগিতা ২০১১ এ অংশ নেবে।
সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে 'ব্র্যাকইউ চন্দ্রোবট'র উদ্বোধোন করা হয়।
এটি একটি দূর-নিয়ন্ত্রক টেলি রোবট, যা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের একটি দল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। এটিকে দূর থেকে গেইম কন্ট্রোলারের মধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যা সোনারের মধ্যমে সংঘর্ষ এড়িয়ে চাঁদের পরিবেশে মাটি সংগ্রহ করতে সক্ষম।
রোবটটি উদ্বোধোন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি এবং ভিসি প্রফেসর আইনুন নিশাত। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানরা।
প্রফেসর আইনুন নিশাত বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে উৎসাহিত করতে একটি ফান্ডের ঘোষণা দিয়ে বলেন- এই ধরনের প্রজেক্টের প্রতি বিশ্ববিদ্যালয় সবসময় উৎসাহ দিয়ে আসছে, ভবিষ্যতে আরো দিয়ে যাবে।
তিনি নাসার উদ্দেশে গমনকারী দলের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি বলেন, রোবোটিকস একটি কাটিং এইজ টেকনোলোজি। এই প্রযুক্তির সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। এবং নাসার প্রতিযোগিতায় এর ভাল ফলাফল তিনি আশা করেন।
এই অনুষ্ঠানে প্রথমে সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. মুমিত খান উদ্বোধনী বক্তৃতা করেন এবং পরে এই প্রজেক্টের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মো. খলিলুর রহমান চন্দ্রোবট তৈরির প্রেক্ষাপট তুলে ধরে এর বিভিন্ন অংশের কার্যকারিতা বর্ণনা করেন।
শিবলী ইমতিয়াজ হাসান প্রতযোগিতায় এটি কিভাবে কাজ করবে তা বর্ণনা করে ফিল্ড টেস্টের কয়েকটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন।
পরার্তীতে মোহাম্মাদ জোনায়েত হোসেন, মাহমুদুল হাসান অয়ন এবং কাজী মোহাম্মাদ রাজীন অনিক রোবটটিকে চালিয়ে ও এর বিভিন্ন কার্যকারিতা দেখিয়ে উপস্থিত সবার প্রশ্নের উত্তর দেন।
তিনজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও ১০ জন ছাত্র নিয়ে প্রায় সাত মাস ধরে এই রোবটটি তৈরি করা হয়। অন্য দুজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছিলেন ড. বেলাল ভূইয়া এবং ড. মোসাদ্দেক।
এই টেলি রোবটটির বেশ কিছু অংশ পুরাতন যন্ত্রপাতি থেকে নিয়ে ব্যাবহার করা হয়েছে, যা একই সঙ্গে পরিবেশ বান্ধবও। এটি তৈরিতে যন্ত্রাংশ বাবদ খরচ পড়েছে চল্লিশ হাজার টাকা।
অত্যন্ত আড়ম্বরপূর্ণ লুনাবোটিক প্রতিযোগিতা এবছরের ২৩ মে থেকে ২৮ অসাস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের ছাত্রদের সম্পৃক্ত ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হয়। নাসাও এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বের হয়ে আসা নিত্য নতুন ডিজাইন, ধারণা এবং সমাধানের মাধ্যমে সরাসরি উপকৃত হয়। এখান থেকে পাওয়া কোনো কোনো ধারণাই হয়ত ভাবিষ্যতে সত্যিকারের চাঁদে পাঠানো রোবোটের সঙ্গে সংযুক্ত হতে পারে। সারাবিশ্ব থেকে ৪৬টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এরমধ্যে হার্ভার্ড, ভার্জিনিয়া, ইলিনয়, এম্ব্রিল এরোনোটিক্যাল, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় রয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম এবং একমাত্র দল হিসাবে এ বছর অংশগ্রহণ করতে যাচ্ছে। ৫ সদস্যের এই দলটি ২১ মে ফ্লোরিডার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০০৫৮ ঘ.
bdnews24