২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর

আদালতে মামলাজট কমাতে সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সুবিচার নিশ্চিত করতেও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে মামলাজট কমাতে সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সুবিচার নিশ্চিত করতেও বলেছেন তিনি। শনিবার কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারকদের বহুতল আবাসিক ভবন এবং বিনোদন কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসিনা বলেন, "বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, তা নিশ্চিত করতে হবে। ধনী-গরিব সবাই যেন সুবিচার পায়।" ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে তিনি বিচারকদের উদ্দেশে বলেন, "আদালতই তাদের (জনগণ) শেষ আশ্রয়স্থল। সাধারণ মানুষের এ ভরসাস্থলটি অটুট রাখার জন্য আপনাদের অনুরোধ করছি।" সুপ্রিমকোর্টসহ অধস্তন আদালতে ২০ লাখ মামলা বিচারাধীন জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে হাসিনা বলেন, "তারা আদালতে আসেন, আর যান। কিন্তু বহু আরাধ্য বিচারটা পান না। শুধু নিঃস্বই হন।" ফৌজদারি ও অন্যান্য আদালতের মতো তিন, ছয় ও ১২ মাসের পুরনো মামলার আলাদা আলাদা তালিকা করে সংশ্লিষ্ট সবার সমন্বয় করে জরুরি ও পুরনো মামলাগুলো নিষ্পত্তির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। "উচ্চ আদালতেও একই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এতে মামলার সংখ্যা কমে আসবে। তাহলে জনগণের ভোগান্তি কমবে, ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা বাড়বে, জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে", বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের নির্বাহী ও বিচার বিভাগসহ সব স্তরে গতিশীলতা আনতে চাই। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করায় বিচার বিভাগের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "অনেক দেরিতে হলেও আমাদের বিচার বিভাগ সামরিক শাসকদের অপকর্ম অবৈধ ঘোষণা করেছে এবং সংবিধান থেকে এ সব অবৈধ সংযোজন বাতিল করেছেন।" অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, পরবর্তী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাশেদ খান মেনন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২৪ ঘ.