২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে কালবৈশাখী: চার শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

কালবৈশাখী ঝড়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে মোট চারশতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে মোট চারশতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ও বুধবার বিকালে দু'দফায় কালবৈশাখী ঝড়ের কারণে এ ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এখনো ১৪টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা এবং বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হওয়া ঝড়ে প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে ৩০ থেকে ৪০টি করে ঘর ভেঙে গেছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছ। ঝড়ে বিদ্যুতের সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বিদ্যুৎ সংযোগ বন্ধ উল্লেখ করে ইউএনও জানান, বিভিন্ন উপজেলার মধ্যকার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বন্ধ আছে। স্থানীয় সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দফা ঝড়ে উপজেলার চারশতাধিক বসত বাড়ি, কয়েক হাজার গাছ, বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। ইউএনও নাজিম জানান, উদ্ধার কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। বৈলছড়ি এলাকায় ঘর চাপায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯৪৮ ঘ.