মানিকগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপা পড়ে একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঘিওর-বানিয়াজুরী সড়কের চঙ্গশিমুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন, সঞ্জয় রাজবংশী (২২), তার চাচাতো ভাই স্বপন রাজবংশী (৩৫) ও মোটরসাইকেল চালক মো. কাজিমুদ্দিন (৪০)। সঞ্জয় ও স্বপনের বাড়ি ঘিওর উপজেলার দিয়ানালী ইউনিয়নের গাংডুবি গ্রামে।
ঘিওর থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে কাজ শেষে সঞ্জয় ভাড়া করা মোটরসাইকেলে স্বপনকে নিয়ে নিজ বাড়ি গাংডুবি যাচ্ছিল।
বিকেল সাড়ে ৫টার দিকে শিমুলিয়ায় মোটরসাইকেলটি বিপরীতমুখী একটি ট্রাকের নীচে চাপা পড়ে। এতে সঞ্জয় ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেল চালক কাজিমুদ্দিনকে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতালে এবং স্বপনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎকরা তাদের মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে। এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০২৮ ঘ.
bdnews24