কিশোরগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন বাস ধর্মঘট চলার পর জাতীয় সংসদের স্পিকারের অনুরোধে কিশোরগঞ্জে বুধবার সকাল থেকে তা প্রত্যাহার করেছে বাস মালিকরা।
বুধবার সকাল থেকে জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করতে শুরু করে। এতে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে এসেছে। সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যকার বিরোধের জের ধরে গত সোমবার বাস ধর্মঘট শুরু হয়।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পিকার আব্দুল হামিদ বিরাজমান সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস দিয়ে জন দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেছেন। তাঁর অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আজ সকাল থেকে পুনরায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মালিক সমিতির অভিযোগ, শ্রমিক নামধারী একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে রোববার বিকালে বাস চলাচলে বাধা দেয় এবং দুটি বাস ভাংচুর করে। এর প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা হয়।
তবে কয়েকজন শ্রমিত নেতা জানিয়েছেন, নিয়মিতভাবে পাওয়ার দাবিতে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামার ঘোষণা দিলে সরকারি দলের সমর্থক অন্য একটি অংশ এর বিরোধিতা করে। এর জের ধরেই সংঘর্ষ বাঁধলে দুটি বাস ভাংচুর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24