দিনাজপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফা দাবিতে দুই দিন কয়লা খনি অবরোধের পর বড়পুকুরিয়ায় রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার কয়লাখনি সয়ংলগ্ন এলাকায় সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করে নাগরিক এ কমিটির স্থানীয় কয়েকশ নেতা-কর্মী। প্রায় দুইশ' দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে রয়েছে।
অবরোধের কারণে পার্বতীপুর-ফুলবাড়ি রুটে ট্রেন ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এ কর্মসূচি ৪৮ ঘণ্টা চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির অন্যতম নেতা ও ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু।
তাদের দাবি- খনির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের গত আমন ফসলের জন্য ক্ষতিপূরণ প্রদান, স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজ বন্ধ করা।
এ দাবিতে দুদিন খনি অবরোধের পর মঙ্গলবার সন্ধায় এক সমাবেশে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.
bdnews24