২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন প্রকাশের দাবি

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠনেরও দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 07:22 AM

Updated : 29 Jan 2024, 08:58 PM

২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত— কমিশনের প্রতিবেদন প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠনেরও দাবি জানিয়েছে তারা।

২০০১ সালের নির্বাচনের পরে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা তদন্তে—গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গত ২৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ১ হাজার ৭৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

এতে সংখ্যালঘুদের নির্যাতনের কারণ হিসাবে রাজনৈতিক দর্শনগত ভিন্নতা, সাম্প্রদায়িক ভাবাদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনিক দুর্বলতাকে চিহ্নিত করা হয়।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কমিশনের সুপারিশ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি—মূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রতি জেলায় একটি করে স্বল্পমেয়াদি কমিটি বা কমিশন গঠন করে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তদন্ত রিপোর্ট গ্রহণ করে ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, সুপারিশ অনুযায়ী সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে এবং প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে বিএনপি ওই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত।

বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদনকে বস্তুনিষ্ঠ ও পক্পাতহীন দাবি করে রানা দাশ বলেন, “বিএনপি এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রকৃত সত্য আড়ালের চেষ্টা করছে।”

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ধর্মীয় বৈষম্যমূলক সব বিধান বিলোপ করে ’৭২ এর সংবিধান পুনর্বহালের দাবিও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সভাপতি সিআর দত্ত বীর বিক্রম, উপদেষ্টা শচীন কর্মকার, শিরিন সিকদার, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।