জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িতদের পুনঃতদন্ত ও বিচার দাবি জাবি ছাত্রশক্তির
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পুনঃতদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কারসহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জড়িত ব্যক্তিদের পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।”
একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিচারের আওতায় আনা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানান তিনি।
এ ছাড়া চলতি বছরের মে মাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান জিয়াউদ্দিন আয়ান। একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান সংগঠনটির নেতারা।
