২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদ্রাসা ছাত্র-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

সিলেট নগরীর সোবহানীঘাটে মাদ্রাসা ছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর সোবহানীঘাটে মাদ্রাসা ছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে পরিবহন শ্রমিকদের আয়োজিত মে দিবসের সঙ্গীতানুষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের হামলার জের ধরে সংষর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সোমবার জানান, মে দিবস উপলক্ষে রোববার সোবহানীঘাটে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টার দিকে অনুষ্ঠানস্থলের পাশে হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুসুন্নাহ কামিল মাদ্রাসার ৫০-৬০ জন ছাত্র এসে হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম, চেয়ার ও সভামঞ্চ ভাংচুর করে। এরপর পরিবহন শ্রমিকরাও মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।" গ্রেপ্তারকৃত নজির হেলাল (৩০) ওই মাদ্রাসার শিক্ষক। তিনি বিশ্বনাথের লামাকাজি গ্রামের আজহার আলীর ছেলে। পুলিশ জানায়, রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষ থামাতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য শফিকুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/১৫৪০ ঘ.