ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দমননীতি চালিয়ে সরকার দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন।
গয়েশ্বর বলেন, "দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও নির্যাতন চালাচ্ছে। এটা তাদের একদলীয় শাসনের নিয়ে যাওয়ার প্রয়াস।"
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। এতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
নাগরিক সমস্যা সমাধানে 'ব্যর্থতা'র জন্য সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, "আড়াই বছরে তারা (সরকার) কোনো অঙ্গীকারই বাস্তবায়ন করতে পারেনি। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৩ ঘ.
bdnews24