২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মুরং পাড়ায় ডায়রিয়া, ৫ জনের মৃত্যু

বান্দরবনের আলীকদম উপজেলার আদিবাসী পল্লী মুরং পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই দিনে এতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

বান্দরবান, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবনের আলীকদম উপজেলার আদিবাসী পল্লী মুরং পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই দিনে এতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। পোয়ামুহুরীর এলাকায় মুরং বা ম্রো জনগোষ্ঠীর বাস। আর এলাকাটিতে কয়েকদিনে শতাধিক জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে স্থানীয়রা জানায়। বান্দরবানের সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় গত দুই দিনে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, মৃতের সংখ্যা ১১। তবে এ বিষয়ে জানতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সরকারি মোবাইলে বার বার ফোন করেও তা বন্ধ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে চারটি মেডিকেল টিম ডায়রিয়া আক্রান্ত ওই এলাকায় পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন জানান। আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোয়ামুহুরী অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় নৌপথ ছাড়া সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে বিস্তারিত তথ্য পাওয়া দুস্কর। সেখান থেকে আসা মানুষের কাছ থেকে ১১ জনের মৃত্যু ও শতাধিক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। সিভিল সার্জন সাখাওয়াত বলেন, প্রচণ্ড গরম, বিশুদ্ধ পানির অভাব এবং সচেতনতার অভাবে দুর্গম এলাকাগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এর আগে গত সপ্তাহে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বড় বিল আদিবাসী এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ চার জন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২৫ ঘ.