লালমনিরহাট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ধবলগুড়ি নন্দেরঘাটে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতরা হলেন, মৎস্যজীবী আব্দুস সামাদ (৪০) ও আব্দুল মজিদ (৩০)। তারা উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের শমসেরপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো দুই ভাই সকালে নন্দেরঘাটে মাছ ধরতে যায়।
সেখানে আগে থেকেই বিদ্যুতের তার পড়ে ছিলো। কিছু না বুঝে প্রথমে জাল ফেলেন আব্দুস সামাদ। সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চিৎকার শুরু করেন। এসময় আব্দুল মজিদ ভাইকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণের মধ্যে দু'জনেই মারা যান। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানিয়েছে, আব্দুস সামাদ তিন সন্তানের জনক। তার স্ত্রী অন্তসত্ত্বা। অপরদিকে ছয় মাস আগে বিয়ে করেছেন আব্দুল মজিদ। দুভাই মাছ ধরে যা আয় করতেন তা দিয়েই সংসার চালাতেন।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লেবু মিয়া সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১৩ ঘ.
bdnews24