নরসিংদী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ দুর্ঘটনার কারণে সকালে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
সদর উপজেলার বাগহাটা এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ভেলানগর থেকে মাধবদীগামী লেগুনাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আর বাসেরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
নিহত চার জনই লেগুনার যাত্রী। তারা হলেন- বাগহাটা সরকারি ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মুন্না (১০), দলিল লেখক ছাত্তার সরকার (৪৫), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম শাহিন (২৬)।
নিহত অন্য জন নারী। তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলেও ১১টায় চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24