২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অফিসে 'যুবলীগের' হামলা

নোয়াখালীর বেগমগঞ্জ ভূমি অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ নেতাকর্মীদের হামলায় চার কর্মকর্তা-কর্মচারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নোয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ ভূমি অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ নেতাকর্মীদের হামলায় চার কর্মকর্তা-কর্মচারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন- সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমান ও আবু আহমেদ এবং পেশকার মজিবুল হক ও পরেশ নাথ। মিজানুর রহমানকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবু আহমদকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও ভূমি অফিসের লোকজন জানান, বেগমগঞ্জ উপজেলার নাজিরপুরে সহকারি সেটেলমেন্ট অফিসার আবু আহমদের আদালতে গত কয়েকদিন থেকে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারই সম্পাদক কামাল হোসেনের করা জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিলো। বৃহস্পতিবার বিকালে ওই মামলার রায় দেওয়া হয়। এ মামলার রায় কামালের বিপক্ষে যাওয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম মাসুদ ১৫-২০ জনসহ ভূমি অফিসের কাগজপত্র ও আসবাবপত্র তছনছ করেন এবং কর্মরতদের মারধর করেন। বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা তদন্তে ইউএনওকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর আলম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী সেটেলমেন্ট অফিসার আবু আহমদ যুবলীগ নেতা কামালের জমির সব কাগজপত্র থাকা সত্ত্বেও তার কাছে এক লাখ টাকা দাবি করেন। গত সোমবার উপজেলা যুবলীগ নেতাদের মধ্যস্থতায় আবু আহমদকে ওই টাকা দেওয়াও হয়। এরপর প্রতিপক্ষ থেকেও টাকা নিয়ে তিনি কামালের বিপক্ষে রায় দেন। তিনি বলেন, "বিষয়টি জানার জন্যে আমরা সহকারী সেটেলমেন্ট অফিসে গেলে অফিসের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে জিম্মি করে রাখে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮২৬ ঘ.