২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজিসিতে আরো দুটি বিভাগ সংযোজন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নতুন দুটি বিভাগ সংযোজন করে এর জনবল পুনর্বিন্যাস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নতুন দুটি বিভাগ সংযোজন করে এর জনবল পুনর্বিন্যাস করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের ১২৩তম সভায় চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা সামসুল আরেফিন জানান, বর্তমানে কমিশনের ছয়টি বিভাগ রয়েছে। সংশোধিত কাঠামোয় আরো দুটি নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। এছাড়া দু'টি বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। জনবলও কিছু বাড়ানো হয়েছে। অনুমোদিত নতুন কাঠামোয় কৌশলগত পরিকল্পনা স্ট্রাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড রাইট টু ইনফরমেশন বিভাগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ নামে দু'টি নতুন বিভাগ করা হয়েছে। এছাড়া ট্রেনিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিভাগের নাম পরিবর্তন করে ইনফরমেশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড আইসিটি এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের নাম রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগ করা হয়েছে। একই সঙ্গে এসব বিভাগের জনবল পুনর্বিন্যাসও করা হয়েছে। ইউজিসি'র আগের কাঠামোতে ৪০৮ জনবলের কথা বলা ছিলো। নতুন অনুমোদিত কাঠামোতে জনবল ৪১৯ জন করা হয়েছে। বর্তমানে ২৫২ জনবল নিয়ে ইউজিসি পরিচালিত হচ্ছে। সভায় ইউজিসি'র সদস্য অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, অধ্যাপক ড. আমেনা বেগম, অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, অধ্যাপক ড. এম. মুহিবুর রহমান, সচিব মো. খালেদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/১৮৪৯ ঘ.