২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন পিন্টুর

সাবেক সাংসদ ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বাবা হাজী নিজাম উদ্দিন আহমেদ বুধবার বিকাল ৩ টায় কেরানীগঞ্জের জিনজিরায় নিজের বাসভবনে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বাবা হাজী নিজাম উদ্দিন আহমেদ বুধবার বিকাল ৩ টায় কেরানীগঞ্জের জিনজিরায় নিজের বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার দুপুরে লালবাগে নিজাম উদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের সদস্যরা জানান। প্রয়াতের মরদেহ সন্ধ্যায় বারডেমের হিমঘরে রাখা হয়েছে। এদিকে কারাবন্দি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বাবার জানাজায় শরিক হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- বৃহস্পতিবার বাবার জানাজায় অংশ নিতে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।'' তবে কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক বুধবার রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পিন্টুর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো নির্দেশ এখনো কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়নি। হাজী নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুটে যান প্রয়াতের জিনজিরার বাসভবনে। এদিকে পিন্টুর বাবার মৃৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজী নিজাম উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪০ ঘ.