২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় চিত্রনায়ক শাকিবকে তলব

চল্লিশ লাখ টাকা আগাম নিয়েও অভিনয় না করার অভিযোগে দায়ের একটি প্রতারণা মামলায় চিত্রনায়ক শাকিব খানকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চল্লিশ লাখ টাকা আগাম নিয়েও অভিনয় না করার অভিযোগে দায়ের একটি প্রতারণা মামলায় চিত্রনায়ক শাকিব খানকে তলব করেছে আদালত। প্রযোজক মনোয়ার এহতেশাম ওরফে শীষ মনোয়ার বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দি শোনার পর মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান আগামী ১৯ মে শাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে শাকিব খান গত শনিবার হত্যার হুমকির অভিযোগে মনোয়ার এহতেশামের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন। মনোয়ার এহতেশাম বুধবার মামলার আরজিতে বলেন, শাকিব খান তার (বাদীর) প্রযোজনায় দুটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত বছরের ৭ ডিসেম্বর চুক্তিবদ্ধ হন। শাকিব নিজের প্যাডে দুটি আলাদা ভাউচারে সই করে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকা অগ্রিম নেন। সে অনুযায়ী ১০ থেকে ১২ এপ্রিল দুই শিফটে শাকিবের অভিনয় করার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ে শুটিংয়ে যাননি বলে অভিযোগ করেছেন মনোয়ার। তার দাবি, এতে তার আরো ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরজিতে বলা হয়েছে, বাদী এর প্রতিবাদ করলে শাকিব ক্ষিপ্ত হয়ে জামার কলার ধরে তাকে এফডিসির তিন নম্বর ফ্লোর থেকে বের করে দেন। চুক্তি ও টাকা নেওয়ার বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন শাকিব। শীষ মনোয়ারের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাকিব বিভিন্নভাবে তার মক্কেলের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৪১ ঘ.