২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেক প্রকল্প 'এনএসপিডি হাতিয়ে নিয়েছে ৩০ কোটি টাকা'

ভাষানটেক প্রকল্পের ফ্লাটের জন্য গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট। তদন্তে এর প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই লাখ টাকার জায়গায় চার লাখ, সাড়ে তিন লাখ টাকার স্থলে আট লাখ- এভাবে অতিরিক্ত ৩০ কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ভাষানটেক প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট (এনএসপিডি)। তদন্তে এর প্রমাণ মিলেছে বলে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ প্রকল্পের দায়-দেনা কমিটি তদন্তে এ অনিয়ম খুঁজে পেয়েছে।" দায়-দেনা কমিটির প্রধান সিদ্দিক জানান, আগামী বৃহস্পতিবার কমিটির বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হবে। অনিয়মের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বস্তিবাসী ও নিু আয়ের লোকদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৮ সালে ভাষানটেক প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু নানা অনিয়মের অভিযোগ ওঠায় এর কাজ ব্যাহত হয়। এনএসপিডি এ প্রকল্পের দায়িত্বে থাকলেও ঠিক সময়ে কাজ শেষ না করা এবং অনিয়মের অভিযোগে ২০১০ এর অক্টোবর তাদের সঙ্গে চুক্তি বাতিল করে ভূমি মন্ত্রণালয়। ২০০৩ সালে এ প্রকল্পের ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয় বস্তিবাসীদের জন্য ২ লাখ টাকা এবং নিুবিত্তদের জন্য ৩ লাখ ৫৫ হাজার টাকা। কিন্তু অভিযোগ ওঠে, এসএনপিডি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। মোঃ খায়রুল রহমান নামের একজন গ্রাহক ৩ লাখ ৫৫ হাজার টাকার একটি ফ্ল্যাটের জন্য এনএসপিডিকে পরিশোধ করেন ৫ লাখ ৮৫ হাজার টাকা। পরিশোধকৃত টাকার রশিদ তিনি ভূমি মন্ত্রণালয়েও জমা দেন। প্রায় ২ হাজার গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত শুরু করে কমিটি। প্রকল্প পরিচালক (উপ-সচিব) মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ২ হাজার আবেদনকারী এনএসপিডি-কে অতিরিক্ত টাকা দেওয়ার প্রমাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এ হিসাব অনুযায়ী, অনিয়মের মাধ্যমে ৩০ কোটি টাকা আদায়ের প্রমাণ মিলেছে।" কর্মকর্তারা জানান, প্রায় ৪৮ একর জমিতে ১১১টি ভবন তৈরি হচ্ছে এ প্রকল্পের আওতায়। ভূমি মন্ত্রণালয়ের অধীনে এ পর্যন্ত ১৮টি ভবন হয়েছে। গত ১৩ জানুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী, বাকি ভবনগুলো হবে গণপূর্ত অধিদপ্তরের অধীনে। এ প্রকল্পে মোট ফ্ল্যাট হচ্ছে ১৩ হাজার ২৪৮টি। এর মধ্যে ১০টি ভবনের ৯৩৮টি ফ্ল্যাট গ্রাহকদের বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৮টি ভবনের কাজ প্রায় শেষের দিকে। এ পর্যন্ত মোট ২ হাজার ১৪৭টি পরিবারকে এ প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রকল্প পরিচালক জানান। প্রকল্পের অবশিষ্ট কাজ কবে নাগাদ শুরু করা হবে- তা চলতি মাসেই ভূমি মন্ত্রণালয়কে জানাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ বিষয়ে এনএসপিডির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এনএসপিডির অফিসে যোগাযোগ করা হলে টেলিফোন অপারেটর মোঃ বজলু জানান, চেয়ারম্যান আব্দুর রহিম দেশের বাইরে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/জেকে/২১২৬ ঘ.