ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী, মোহাম্মদপুর, ধারমন্ডি ও মিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কদমতলীর রায়েরবাগ সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় হোসেন আহমেদ (২৩) নামে এক যুবক আহত হন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
হোসেন স্থানীয় একটি কার্টন কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার মধ্যরাতে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় গাড়ি চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক বক্তির (৪২) মৃত্যু হয়। পুলিশ রাত ২টার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ধানমন্ডির জেনেটিক প্লাজার সামনের রাস্তায় রাত সাড়ে ১২টার দিকে একটি লেগুনার ধাক্কায় আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত আবুল হোসেনের গ্রামের বাড়ি নাটোরের বড়ইগ্রামে।
এছাড়া মঙ্গলবার ভোরে মিরপুর-১০ নম্বর গোলচক্করের সামনে ট্রাক চাপা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, ময়নাতদন্তের জন্য চারটি লাশই মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এমইউএস/জেকে/১৭৪৩ ঘ.
bdnews24