২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ১৬ লাখ টাকার ক্যাবল চুরি

দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার চাইনিজ কপার ক্যাবল চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

দিনাজপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার চাইনিজ কপার ক্যাবল চুরি হয়েছে। এ ঘটনায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফ আলী রোববার পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ । মামলায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্য নুরুল বারী, আমিরুল ইসলাম ও সুনীল চন্দ্রকে অভিযুক্ত করা হয়েছে। পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগত রাতে বিদ্যুৎ কেন্দ্রের রেইন পাম্প হাউজ থেকে মোট ২৬৫ মিটার চাইনিজ কপার ক্যাবল চুরি হয়। চুরি যাওয়া ক্যাবলের মূল্য ১৬ লাখ ৩৭ হাজার ৯৩৮ টাকা বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের সাংবাদিকদের জানান, সংরক্ষিত এলাকায় কীভাবে এই চুরির ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩২ ঘ.