জয়পুরহাট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগ নিয়ে জয়পুরহাটে একটি হাইস্কুলের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অশ্লীল গালাগাল ও মারধরের হুমকি দিয়েছেন।
সোমবার মোলামগাড়িহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোলামগাড়িহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী প্রমানিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।
জিডির নথি থেকে জানা যায়, মোলামগাড়িহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় একজন কম্পিউটার প্রদর্শক এবং সাধারণ শাখায় একজন লাইব্রেরিয়ান নিয়োগের জন্য যথাক্রমে সাত ও আট প্রার্থী আবেদন করেন।
১১ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষায় এই দুই বিষয়ে তিনজন করে মোট ছয়জন প্রার্থী অংশ নেন।
কিন্তু পরীক্ষায় প্রদর্শক পদে সবাই এবং লাইব্রেরিয়ান পদে দু'জন অকৃতকার্য হন। পাশ করেন মাত্র একজন।
এ অবস্থায় নিয়োগ বোর্ডের সদস্য দুই সরকারি প্রতিনিধি কাউকে নিয়োগ না দিয়ে আবার দরখাস্ত আহবান করতে বলেন প্রধান শিক্ষককে।
এ নিয়ে মতবিরোধ হলে প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালাগাল দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী অভিযোগ করেন, লাইব্রেরিয়ান পদে একজন উত্তীর্ণ হলেও নিয়োগ বিধির শর্ত পূরণ না হওয়ায় নিয়োগ স্থগিত করে পরবর্তীতে আবার দরখাস্ত আহবান করতে বলা হয়।
"এতে তিনি বোর্ডের অন্য সদস্যদের সামনে আমাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে গালাগাল দেন," বলেন ফজলে এলাহী।
তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মারধর করে এলাকাছাড়া করারও হুমকি দেন।
নিয়োগ বোর্ডে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি পাঁচবিবি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষায় কোনো প্রার্থী সন্তোষজনক ফলাফল করতে পারেনি। একজন প্রার্থী কোনরকমে পাস নম্বর পেলেও তার মৌখিক পরীক্ষা নেওয়া হবে কি হবে না এ নিয়ে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল বারী ওই শিক্ষা কর্মকতাকে লাঞ্ছিত করেন।
মোলামগাড়িহাট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী প্রমানিক বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার নিয়ম থাকলেও ওই শিক্ষা কর্মকর্তা তা নিতে অপারগতা জানান।
মৌখিক পরীক্ষা না নেওয়ার সন্তোষজনক কারণ জানিয়ে পরীক্ষার স্থান ত্যাগ করতে চান। এ বিষয়ে নিয়োগ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তও রেজ্যুলেশন আকারে দিতে অস্বীকৃতি জানান।
"বাধ্য হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেছি," বলেন আব্দুল বারী।
জয়পুরহাট জেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে কালাইয়ে কোনো শিক্ষকের হাতে উপজেলা শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন বলে তিনি শোনেননি।
তাকে কেউ এ বিষয়ে অভিযোগও করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24