ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দোহারে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দোহারের মাঝিরকান্দায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছে।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সেন্টু, শুকুর ও রাজিব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের মামলা রয়েছে। কিন্তু তারা নিজেদের যুবলীগ ও ছাত্রলীগের নেতা দাবি করে এলাকায় বিভিন্ন ফায়দা লুটে আসছিলো। এ ব্যাপারে একটি পক্ষ তাদের কোনোভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে মানছিলো না।
এসএসপি জানান, শনিবার আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে তাদের ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ থামাতে গেলে শুরু হয় সংঘর্ষ।
তিনি জানান, পুলিশ ১০-১২ রাউন্ড কাঁদানে গ্যাস এবং ৪-৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24