ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমন হোসেনের ওপর র্যাবের নির্যাতনের ঘটনাকে কেন 'বিচার বহির্ভূত' ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাদা আল আমিন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও ফরিদ আহাম্মদের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
শাহজাদা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কতো দিনের মধ্যে রুলের জবাব দিতে বা আদালত কি জানতে চেয়েছে তা কপি পাওয়ার পর বলতে পারবো।"
আগামী রোববার বা সোমবার কপি পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার শেষ বিকালে সংক্ষিপ্ত শুনানি শেষে ওই রুল জারি করা হয়েছে।"
ওই ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের দিনমজুর তোফাজ্জল হোসেনের ছোট ছেলে লিমন হোসেন কাঠালিয়া পিজিএস কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। গত ২৩ মার্চ বিকেলে মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে স্থানীয় শহীদ জমাদ্দারের বাড়ির সামনে র্যাব-৮ এর একটি দল তাকে আটকে নাম জিজ্ঞেস করে। লিমন নিজেকে ছাত্র বলে পরিচয় দিলেও র্যাবের এক সদস্য তার বাঁ পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৭০৫ ঘ.
bdnews24