২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুটি ভেজাল কারখানার সন্ধান

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল তেল ও ভোগ্যপণ্যের দুটি কারখানার সন্ধান মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সিলেট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল তেল ও ভোগ্যপণ্যের দুটি কারখানার সন্ধান মিলেছে। বিএসটিআই'র অনুমোদন ছাড়া এ দুটি কারখানা বিভিন্ন ব্রান্ডের নারকেল, ভেষজ ও সরিষার তেলসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য বাজারজাত করে আসছিলো। আদালতের অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য কয়েকটি রেস্তোরাঁকেও জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই কর্মকর্তা নূর মোস্তফা সাংবাদিকদের জানিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম এনামুল হাবীব। তার সঙ্গে বিএসটিআই ও র‌্যাবের কর্মকর্তারা ছিলেন। বিএসটিআই কর্মকর্তা মোস্তফা বলেন, নগরীর সওদাগরটুলায় মায়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রিভা প্রডাক্ট নামে দুটি ভেজাল কারখানার সন্ধান পাওয়া যায়। এ দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিএসটিআই'র অনুমোদন ছাড়া বাজারে বিভিন্ন ধরনের ভেজাল তেল সরবরাহ করছিলো। মায়া কেমিক্যালকে ৪০ হাজার টাকা এবং রিভা প্রডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ ভেজাল তেল ও পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে বলে মোস্তফা জানান। ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে নগরীর শিবগঞ্জের ঈশিতা রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, রাঁধুনি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, সেবা রেস্তোরাঁকে ৭ হাজার টাকা, সাফরান রেস্তোরাঁকে ৭ হাজার টাকা, মেন্দিবাগের প্রেসিডেন্ট রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, মাহিন রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, সিটি রেস্তোরাঁকে ৭ হাজার টাকা ও লন্ডন রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.