২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ২ পুলিশ ও ১ সেনা সদস্য নিহত

আশুলিয়ায় বুধবার প্রথম প্রহরে তেলের ট্যাংকারের চাপায় পুলিশের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় বুধবার প্রথম প্রহরে তেলের ট্যাংকারের চাপায় পুলিশের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন মটর সাইকেল আরোহী আরেক পুলিশ সদস্য। গোপালগঞ্জের কাশিয়ানীতে একইভাবে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডের কাছে তেলের ট্যাংকারের চাপায় পুলিশের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন (৪০) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চাপরাশি গ্রামের গফুর উদ্দিনের ছেলে। তিনি পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে জামগড়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পারাপারের সময় তেলবাহী একটি ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন নিহত হন। তেলের ট্যাংকারটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে। বুধবার সকালে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। টাঙ্গাইল প্রতিনিধি জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে বাসের চাপায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন ভুইয়া (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুঁইয়া কামার্থী গ্রামে। তিনি গাজীপুর জেলায় নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ। ঘাটাইল থানার ওসি মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে ঘাটাইলের পোড়াবাড়িতে বাসের চাপায় মারাত্মক আহত হন আশরাফ। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান । গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন এক সেনা সদস্য। নিহত তৌহিদুল ইসলাম মুন্সি (২৯) কাশিয়ানীর খায়েরহাট গ্রামের রবিউল ইসলাম মুন্সির ছেলে। কাশিয়ানী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য তৌহিদুল মঙ্গলবার ছুটি নিয়ে কাশিয়ানীতে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে পোনায় পৌঁছে বাস থেকে নামার পর ঢাকাগামী একটি নৈশ কোচ তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। এরপরে কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ৬টায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর সেনানিবাসে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/আরএ/১৪২৬ ঘ.