ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পরে বুকবিল্ডিং পদ্ধতি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট চারটি সংগঠন।
সোমবার সকালে এসইসি'র সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে এ অনুরোধ জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএইই), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
বৈঠকের পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফকরউদ্দিন আলী আহমেদ সাংবাদিকদের বলেন, শেয়ার মার্কেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা খুব শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন দিবে বলে আশা করি।
তিনি বলেন, "এ প্রতিবেদনে বুক বিল্ডিং বিষয়ে কিছু সুপারিশ থাকবে। এ প্রতিবেদন পাওয়ার পরে বুক বিল্ডিং বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছি আমরা।"
ডিএসই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটো বলেন, বুক বিল্ডিং পদ্ধতির অনেক ভালো দিকও রয়েছে। অনেকগুলো কোম্পানি এ প্রক্রিয়াতে বাজারে আসতে চায়।
"তাড়াহুড়ো করে সংশোধন করতে গেলে আবারো ত্র"টি থেকে যেতে পারে। তাই কমিটির প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পরে আমরা পুঁজিবাজার সংশ্লিষ্টরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো", বলেন তিনি।
গত ২১ মার্চ বুকবিল্ডিং পদ্ধতির সংশোধনে শেয়ারবাজার সংশ্লিষ্ট এসব সংগঠনের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করে এসইসি।
বুকবিল্ডিং পদ্ধতির নির্দেশক মূল্য কীভাবে নির্ধারণ করা হবে, রোড শো কীভাবে হবে, কারা অংশ নেবে, বিডিং পদ্ধতি কেমন হবে- এসব বিষয় এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট পক্ষগুলো এ প্রস্তাবের ওপর মতামত দিলে ২৮ মার্চ বৈঠকের মাধ্যমে এটি চূড়ান্ত করার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.
bdnews24