২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-মুন্সীগঞ্জে পুড়েছে ৫৩ ঘর

রংপুর ও মুন্সীগঞ্জে আগুনে পুড়েছে ৫৩টি ঘর। এর মধ্যে রংপুরে একটি বস্তির ৪০টি এবং মুন্সীগঞ্জের মাওয়ায় ১৩টি ঘর পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও মুন্সীগঞ্জে আগুনে পুড়েছে ৫৩টি ঘর। এর মধ্যে রংপুরে একটি বস্তির ৪০টি এবং মুন্সীগঞ্জের মাওয়ায় ১৩টি ঘর পুড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, সোমবার ভোর ৫টার দিকে শহরের ইসলামপুর হনুমানতলা মহল্লার বস্তিতে আগুন লাগে। দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই পুড়ে যায় ৪০টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সহায়-সম্বলহীন পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার ভোররাতে লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘাটের কাছে আগুনে ১৩টি ঘর পুড়ে যায়। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তায়েফ জানান, ফেরিঘাটের কাছে মো. আজিজের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। শ্রীনগর থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাওয়ার ২ ও ৩ নম্বর ফেরিঘাটের মাঝখানের ঘরগুলোতে এ অগ্নিকাণ্ডে ঘাটে আতঙ্ক দেখা দেয়। ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে গাড়ি পারাপারে কোনো ব্যাঘাত ঘটেনি বলে ঘাট কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১০৮ ঘ.