২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশু মিরসরাইয়ে জঙ্গল থেকে উদ্ধার

অপহৃত এক শিশুকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত এক শিশুকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। আদনান জামান সামি (৯) নামের শিশুটিকে শনিবার দুপুরে উদ্ধার করা হয়। সে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকার ব্যবসায়ী শাহ জামানের ছেলে। সামি ওই উপজেলার কদমরসুল এলাকার কদমরসুল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বড়তাকিয়া বাজারের পূর্ব পাশের পাহাড় ঘেরাও করে সামিকে উদ্ধার করা হয়। অপহরণকারী দলের সদস্য রাজ্জাককে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। সে ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা। হাবিবুর রহমান জানান, সামির নানা বাড়িতে রাজ্জাক নয় বছর গৃহভৃত্যের কাজ করেছে। সামির নানা বাড়ি সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায়। শুক্রবার সকাল ১১টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে সামিকে নিয়ে বের হয় রাজ্জাক। এরপর কয়েকজন সহযোগির সহায়তায় সামিকে মিরসরাই নিয়ে যায়। এরপর রাজ্জাক সামির বাবা শাহ জামানের কাছে মোবাইল টেলিফোনে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শাহ জামান এ ঘটনা সীতাকুণ্ড থানায় জানালে পুলিশ অভিযানে নামে। হাবিবুর রহমান জানান, অপহরণকারী দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২২১৪ ঘ.