২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম হাসপাতালে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামকে কানাডায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 04:15 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

কুমিল্লা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামকে কানাডায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলামের ভাগ্নে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান কানাডা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি লিউকোমিয়ায় আক্রান্ত। তাকে কানাডার ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে (ভিজিএইচ) ভর্তি করা হয়েছে। খিজির হায়াত খান জানান, গত ২২ মার্চ তার লিউকোমিয়া ধরা পড়ে। লিউকোমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার যা রক্তের শ্বেতকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে। ২৩ মার্চ তাকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়। ৬০ বছর বয়স্ক রফিকুল ইসলামকে শুক্রবার কেমোথরাপি দেওয়ার কথা। তবে চিকিৎসকরা বলেছেন, এ বয়সে কেমোথেরাপি কতটা কার্যকর হবে তাই এখন দেখার বিষয়। রফিকুলের বন্ধু কানাডা প্রবাসী মতিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যান্সার গবেষণা ও এই রোগীদের উন্নত চিকিৎসার জন্য ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের সুনাম আছে। এই হাসাপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাবেন বলে সকলেই আশাবাদী। কেমোথেরাপি দেওয়ার পর দু সপ্তাহে তার অবস্থা সম্পর্কে বোঝা যাবে। রফিকুল ইসলামের বড় ছেলে কানাডা প্রবাসী জ্যোতি ইসলাম পেশায় একজন নার্স। তিনি তার বাবার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। রফিকুল ইসলাম দুই ছেলে সন্তানের জনক। তার বাড়ি কুমিল্লা শহরের রাজবাড়ি কম্পাউন্ডের পুকুর পারে। তার আত্মীয় স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন। ভ্যাঙ্কুভারের মাদার লাঙ্গুয়েজস অব দ্য ওয়ার্ল্ড-এর সদস্য রফিকুল ইসলাম ও আবদুস সালামের প্রাথমিক উদ্যোগের ফলে এবং পরে সরকারের প্রস্তাবে ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ২১ ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গ্রহণ করে। উল্লেখ্য, রফিকুল ইসলামের ছোটভাই সাইফুল ইসলাম সাফু মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে শহীদ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০৯৫৩ ঘ.