২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলাপ্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নবম বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নবম বারের মতো পিছিয়েছে। বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা বেগম সেটাই শেষ দিন বলে জানিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ তদন্ত প্রতিবেদন দাখিলে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন জানান। এর আগে একই আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জামান গত ৭ মার্চ ১৫ দিন সময় দিয়ে বুধবার প্রতিবেদন দাখিলের দিন রেখেছিলেন। ওইদিন বিচারক মৌখিকভাবে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে আর কোনো সময় দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন। গত ১ মার্চ একই ঘটনায় দায়ের বিস্ফোরক মামলায় ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আগামী ৪ এপ্রিলের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করেছেন। বিচারক রাষ্ট্রপক্ষকে ওই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর শুরু হয় বিচার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৩০ ঘ.